মাস্কাট থেকে ইসলামাবাদের পথে আরাঘচি, পরের গন্তব্য মস্কো

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসনে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে আজ পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আরাঘচি ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তার ব্যক্তিগত বিমান ‘মেরাজ’ ইতোমধ্যে তেহরান থেকে উড্ডয়ন করেছে এবং দুই ঘণ্টার মধ্যে পাকিস্তানে পৌঁছাবে।

ইসলামাবাদে প্রথম দফার আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলের একটি অংশ যুদ্ধ বন্ধের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী নির্দেশনা নিতে তেহরানে ফিরে গিয়েছিল। জানা গেছে, আজ রাতেই তাঁরা পুনরায় ইসলামাবাদে আরাঘচির সাথে যোগ দেবেন। তাঁদের কাছে থাকা নতুন নির্দেশনার ওপরই পরবর্তী শান্তি আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে।

গত কয়েক দিনে ইসলামাবাদে অবস্থানকালে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান সংঘাতময় আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, তার এই সফরের মূল লক্ষ্য অংশীদার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় বাড়ানো। ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষ করে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন।

FJ
আরও পড়ুন