হুমকি দিয়ে ইরানের সাথে আলোচনা সফল হবে না, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার দূত

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা সফল করতে হলে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেলিং’ ও ‘আলটিমেটাম’ দেওয়ার পথ পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

সোমবার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুশ দূত মিখাইল উলিয়ানভ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বরাবরই সামরিক শক্তি প্রয়োগ এবং কঠোর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আলোচনার টেবিলে বসেও তারা শক্তিপ্রয়োগের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারছে না।

উলিয়ানভ আরও বলেন, 'যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ও হুমকির মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে অভ্যস্ত হলেও ইরানের ক্ষেত্রে এই কৌশল কাজ করবে না।'

তাঁর মতে, শান্তি আলোচনার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে তিনটি নেতিবাচক কৌশল থেকে সরে আসতে হবে। তিনি হ্যাশট্যাগ দিয়ে সেই কৌশলগুলোকে চিহ্নিত করেন— ‘ব্ল্যাকমেলিং’, ‘আলটিমেটাম’ এবং ‘ডেডলাইন’।

রুশ এই কর্মকর্তার দাবি, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে হুমকি-ধমকি বাদ দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া। অন্যথায় মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসন করা সম্ভব হবে না।