যুদ্ধের সময় গোপনে আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:১০ এএম

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ রক্ষায় গোপনে নিজেদের সর্বাধুনিক ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ও একদল সেনা মোতায়েন করেছিল ইসরায়েল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং সিএনএন-এর এক প্রতিবেদনে এই নজিরবিহীন সামরিক সহযোগিতার তথ্য ফাঁস করা হয়েছে। ২০২০ সালে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দুই দেশের মধ্যে এটিই প্রথম কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ।

ইসরায়েলি একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, যুদ্ধ চলাকালীন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বিশেষ ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপের পরপরই আমিরাতে আয়রন ডোম পাঠানোর নির্দেশ দেন নেতানিয়াহু। মূলত ইরানের সম্ভাব্য রকেট, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে আমিরাতকে সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ইসরায়েলের তৈরি এই ‘আয়রন ডোম’ একটি ভ্রাম্যমাণ ও স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রকেট, মর্টার এবং ড্রোন মাঝপথেই ধ্বংস করতে সক্ষম। 

যদিও ইসরায়েল এর আগে বিভিন্ন দেশের কাছে এই প্রযুক্তি বিক্রি করেছে, তবে অন্য কোনো বন্ধু দেশে নিজেদের সেনা ও প্রযুক্তি মোতায়েন করে সরাসরি যুদ্ধে ব্যবহারের ঘটনা এটিই প্রথম। এই সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। সূত্র: অ্যাক্সিওস ও সিএনএন

YA
আরও পড়ুন