নেতানিয়াহুকে হটাতে একজোট বিরোধীরা

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার অবসান ঘটাতে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ ঘটেছে। কট্টর ডানপন্থী সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং মধ্যপন্থী ইয়ার লাপিদ তাদের রাজনৈতিক মতভেদ ভুলে একজোট হওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে তারা গঠন করছেন নতুন রাজনৈতিক দল— ‘টুগেদার’।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৬ এপ্রিল) এক যৌথ সংবাদ সম্মেলনে দুই শীর্ষ নেতা তাদের দল একীভূত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইয়ার লাপিদ বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইসরায়েল বর্তমানে যে পথে চলছে, সেখান থেকে রাষ্ট্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে পরিবর্তন এখন সময়ের দাবি।

২০২২ সালের নভেম্বরে ক্ষমতায় আসার পর নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করেন। তাঁর শাসনামলে বিশেষ করে গাজা যুদ্ধের ভয়াবহতা, যেখানে ৭২ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, তাঁকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে তীব্র সমালোচনার মুখে ফেলেছে। এছাড়াও লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে দফায় দফায় সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ায় দেশের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। সূত্র: আল-জাজিরা