ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএ জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহোরো শহরে জাপানের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ রেকর্ড করা হয়।
তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।
এর আগে, গত সপ্তাহে ইওয়াতে উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ছয়জন আহত হন। ওই ভূমিকম্পের পর ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে উপকূলে।
উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দেশটিতে প্রতিবছর প্রায় দেড় হাজার ভূমিকম্প ঘটে, যা বিশ্বে মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ। সূত্র: জাপান টাইমস