জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা 

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটির আবহাওয়া সংস্থা উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভয়াবহ ‘সুনামি’ সতর্কতা জারি করেছে। 

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলের সানরিকু (Sanriku) উপকূলের অদূরে সমুদ্রতলে। এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। তীব্র এই কম্পন উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে (NHK) জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের পানি ৩ মিটারেরও (প্রায় ১০ ফুট) বেশি উচ্চতায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হোক্কাইদো এবং ইওয়াতে জেলার উপকূলীয় এলাকাগুলোকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাসিন্দাদের দ্রুত সমুদ্র উপকূল ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ শুরু করেছে। সেখানে কোনো অস্বাভাবিকতা বা বড় ধরণের ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাপানে ২০১১ সালের সুনামির স্মৃতি মনে রেখে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

প্রাথমিকভাবে আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৯ বললেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৪ জানানো হয়। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সরকার এবং উদ্ধারকারী দলগুলো সম্ভাব্য সুনামির ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।

FJ
আরও পড়ুন