মধ্য আফ্রিকার দেশ চাদে পানির একটি উৎসকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (২৬ এপ্রিল) দেশটির সরকারি সংবাদ সংস্থা চাদিয়ান প্রেস অ্যান্ড পাবলিশিং এজেন্সির বরাতে চীনের সিনহুয়া নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার চাদের পূর্ব অঞ্চলের ওয়াদি-ফিরা প্রদেশের ইগোটে গ্রামে এই সহিংসতার সূত্রপাত হয়। একটি পানির উৎস ব্যবহার করা নিয়ে দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার খবর পেয়ে চাদের উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। উপপ্রধানমন্ত্রী মাহামাত নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ৪২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত ১০ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, চাদে জমি ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটে থাকে। সূত্র: সিনহুয়া