জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে ইরান আইনিভাবে বাধ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
সোমবার (২৭ এপ্রিল) জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের নেওয়া সাম্প্রতিক নৌ-পদক্ষেপগুলোর পক্ষেও জোরালো যুক্তি দেন তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে আমির সাইদ ইরাভানি বলেন, বর্তমান ‘অত্যন্ত অস্থিতিশীল’ ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ নৌ-চলাচলের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই ইরান হরমুজ প্রণালিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি স্পষ্ট করেন যে, যেহেতু ইরান জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের পূর্ণ অনুস্বাক্ষরকারী নয়, তাই এর সকল ধারা মেনে চলার বাধ্যবাধকতা তাদের ওপর নেই।
ইরানি প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্যের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলেছেন। তিনি বলেন, অনেক দেশ একদিকে নৌ-চলাচলের স্বাধীনতার কথা বলছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবৈধ নৌ-অবরোধকে সমর্থন বা এড়িয়ে যাচ্ছে।
ইরাভানি আরও যোগ করেন, সামুদ্রিক নিরাপত্তা নিয়ে তাদের এই উদ্বেগ কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং তাদের কর্মকাণ্ডের সঙ্গে অবস্থানের কোনো সামঞ্জস্য নেই।