ইরানের পারমাণবিক নীতি পরিবর্তন এখন জনগণের দাবি: ইমাম আকবারি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

ইরানের পারমাণবিক নীতি পর্যালোচনার দাবি এখন সাধারণ মানুষের মধ্যেও জোরালো হচ্ছে বলে মন্তব্য করেছেন তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের ইমাম মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবারি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার প্রস্তাব কোনো তড়িঘড়ি বা আবেগনির্ভর প্রতিক্রিয়া নয়; বরং জাতীয় পরিপক্বতা ও সচেতনতার বহিঃপ্রকাশ। তিনি দাবি করেছেন, পারমাণবিক নীতি পর্যালোচনার পক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সমর্থন ও দাবি আসছে।

শুক্রবার (৩০ অক্টোবর) তেহরানে জুমার নামাজের খুতবায় বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান নিয়েও সতর্ক করেন এই ধর্মীয় নেতা। তিনি বলেন, ওয়াশিংটন আলোচনার কথা বলছে কিংবা চিঠি ও মধ্যস্থতাকারী পাঠাচ্ছে বলেই ইরানের সতর্কতা কমিয়ে দেওয়ার সুযোগ নেই। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যখন আলোচনার প্রস্তাব দেয় বা বার্তা পাঠায়, তখন কখনো কখনো প্রকাশ্যে যুদ্ধের হুমকি দেওয়ার চেয়েও বড় বিপদ বা ষড়যন্ত্রের আশঙ্কা থাকে।

ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিতর্কের প্রসঙ্গে হাজ আলী আকবারি বলেন, দেশটির প্রতিপক্ষরা ইরানের সব রেডলাইন অতিক্রম করেছে। তার অভিযোগ, তারা ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে হত্যা করেছে এবং নিজেদের প্রতিশ্রুতি ও চুক্তি রক্ষা করেনি। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে ইরানের জনগণ পারমাণবিক নীতি পর্যালোচনার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে উপলব্ধি করছে বলে মন্তব্য করেন তিনি।

এই ধর্মীয় নেতার ভাষ্য, পারমাণবিক নীতি পুনর্বিবেচনার দাবি মূলত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিপক্ষকে প্রতিরোধ করার সক্ষমতা তৈরির সঙ্গে সম্পর্কিত। তার মতে, মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকেই ইরানের জনগণের মধ্যে এ দাবি তৈরি হয়েছে। কেউ কেউ প্রস্তাবটির বিরোধিতা বা সমালোচনা করলেও একে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দাবি হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি পুরো জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন।

আগের কয়েকটি জরিপের উল্লেখ করে হাজ আলী আকবারি দাবি করেন, সেসব জরিপে ৭০ শতাংশের বেশি উত্তরদাতা পারমাণবিক নীতি পর্যালোচনার পক্ষে মত দিয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী, বিষয়টি প্রকাশ্যে আলোচনায় আসার পর বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী, অধ্যাপক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের মধ্য থেকেও সমর্থন ও দাবি জানানো হচ্ছে।

তিনি বলেন, পারমাণবিক নীতি পর্যালোচনার বিষয়টি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এ বিষয়ে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের গবেষণা করে নিজেদের প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করার অনুরোধ জানান, যাতে সেখান থেকে পাওয়া প্রস্তাবগুলো ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা হোসেইনি খামেনির কাছে উপস্থাপন করা যায়।

হাজ আলী আকবারি বলেন, এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত দেবেন সর্বোচ্চ নেতা এবং তার সিদ্ধান্ত সবাই মেনে চলবে। তার ভাষায়, সবাই সর্বোচ্চ নেতার নেতৃত্বের অধীনেই ঐক্যবদ্ধ। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত