রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ বলেছেন, যেকোনো পরিস্থিতিতে মস্কো এবং তেহরান একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ও মধ্যপ্রাচ্যভিত্তিক মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রেজা তালাই-নিকের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ।
বৈঠকে তিনি দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন। বেলোসভ স্পষ্ট করেন যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বা যেকোনো সংকটে এই দুই বন্ধুপ্রতিম দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ও কৌশলগত দিক থেকে রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের এই সময়ে দেশ দুটির এই ঐক্য পশ্চিমা বিশ্বের জন্য একটি বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তবে এই সামরিক সখ্যতার মাঝেই দুই দেশের পক্ষ থেকে চলমান বৈশ্বিক ও আঞ্চলিক সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তারা মনে করেন, আলোচনার মাধ্যমেই কেবল দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।