ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ায় অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ বৈঠকে পুতিন নিশ্চিত করেছেন যে, মস্কো তেহরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক ও সমর্থন অব্যাহত রাখবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এই তথ্য জানিয়েছে।

বৈঠকে পুতিন ও আরাঘচি মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বলেন, মস্কো-তেহরান সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কৌশলগত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক এখন কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি গভীর ‘কৌশলগত অংশীদারিত্বে’ পরিণত হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের চাপ ও সামরিক হামলার মুখেও ইরানের জনগণ সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

ইরানি জনগণের সাহসিকতার প্রশংসা করে পুতিন বলেন, সার্বভৌমত্ব রক্ষায় তারা বীরত্বের সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান দ্রুতই এই কঠিন সময় কাটিয়ে শান্তির পথে এগোবে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, মস্কোর মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে সব পক্ষকে আলোচনার টেবিলে আনা। পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত