ইরানের ক্রমবর্ধমান ইউরেনিয়াম মজুত ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (২৯ এপ্রিল ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টার এক টেলিফোন সংলাপে পুতিন এই আগ্রহ প্রকাশ করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার অত্যন্ত ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। ফোনালাপে রুশ প্রেসিডেন্ট মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া এবং এই সংক্রান্ত আন্তর্জাতিক সংকট মেটাতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পুতিন মনে করেন, মস্কোর সম্পৃক্ততা এই বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করতে পারে।
তবে পুতিনের এই প্রস্তাবের বিপরীতে নিজের স্বভাবসুলভ দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনকে সরাসরি বলেন, 'তিনি (পুতিন) আমাদের সহায়তা করতে চান। কিন্তু আমি বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ (ইউক্রেন সংঘাত) শেষ করতে হবে।' ট্রাম্পের এই বার্তা স্পষ্ট করে দেয় যে, ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়ার কোনো মধ্যস্থতা বা কৌশলগত প্রস্তাব পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে নারাজ ওয়াশিংটন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, পুতিনের সঙ্গে আলোচনার পর ইউক্রেন সংঘাতের একটি সমাধান খুব দ্রুতই আসতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি যখন বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ, তখন পুতিনের এই প্রস্তাব এবং ট্রাম্পের পাল্টা শর্ত আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে।