নৌ-অবরোধ না তুললে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'নজিরবিহীন' পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র আরোপিত নৌ-অবরোধ তুলে না নিলে ‘নজিরবিহীন’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

বুধবার (২৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেসটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই কড়া বার্তা দেন। 

সাক্ষাৎকারে ইরানি সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ বজায় রাখে, তবে ইরান তার কঠোর জবাব দেবে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান প্রমাণ করেছে যে তারা আর কোনো নিষ্ক্রিয় বা সহজে অনুমানযোগ্য প্রতিপক্ষ নয়।

ওই কর্মকর্তার মতে, তেহরান এখন পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে ধৈর্য ধারণ করেছে, যাতে ওয়াশিংটন তাদের শর্তগুলো বিবেচনা করে। তবে যুক্তরাষ্ট্র একগুঁয়েমি নীতিতে অটল থাকলে এই নৌ-অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ইরানের এই হুমকির পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, মোজতবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ও ইরানের প্রধান বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ-অবরোধ বলবৎ থাকবে। ট্রাম্প এই নৌ-অবরোধকে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ও কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করে তেহরানকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে এবং প্রায় ১০ হাজার অতিরিক্ত মার্কিন সেনা ওই অঞ্চলে অবস্থান করছে। ইরানের পক্ষ থেকে ‘নজিরবিহীন’ পদক্ষেপের এই হুঁশিয়ারি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর স্থিতিশীলতাকে নতুন করে যুদ্ধের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।