নৌ-অবরোধের মধ্যেও তেল সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ইরানের

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ সত্ত্বেও দেশটির জ্বালানি তেল সরবরাহ বা বিতরণে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে দাবি করেছেন ইরানের তেলমন্ত্রী মহসিন পাকনেজাদ।

বুধবার (২৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই আত্মবিশ্বাসী বার্তা দেন।

তেলমন্ত্রী মহসিন পাকনেজাদ জানান, 'মার্কিন অবরোধের মুখেও জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং যেকোনো ধরনের সম্ভাব্য বিঘ্ন এড়াতে তেল খাতের কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।'

তাঁর দাবি অনুযায়ী, অবরোধের ফলে তেহরানের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বিতরণ প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনো অচলাবস্থা তৈরি হয়নি।

তবে বাস্তব পরিস্থিতি মন্ত্রীর দাবির চেয়ে কিছুটা জটিল বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। গত ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই মার্কিন নৌ-অবরোধের ফলে ইরানে তেল মজুতের সক্ষমতা ফুরিয়ে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি উৎপাদিত তেল সময়মতো রপ্তানি বা সরবরাহ করা না যায়, তবে মজুত সংকটে পড়ে ইরান শেষ পর্যন্ত তাদের তেল উৎপাদন উল্লেখযোগ্য হারে কমিয়ে দিতে বাধ্য হতে পারে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন সেন্টকমের তিনটি বিমানবাহী রণতরীর পাহারার মধ্যে ইরানের এই পাল্টাদাবি বিশ্ব জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত