ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল

ইরান যাতে ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে, সেটি নিশ্চিত করতে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সামরিক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এই কড়া বার্তা দেন।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ তার বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা যাতে তারা ভবিষ্যতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মুক্ত বিশ্বের জন্য আর কোনো বিপদের কারণ হতে না পারে।”

তিনি আরও যোগ করেন যে, ইসরায়েল এই লক্ষ্য অর্জনে মার্কিন প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। তবে পরিস্থিতি বিবেচনায় লক্ষ্য পূরণে খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে আবারও সরাসরি সামরিক ব্যবস্থা নিতে হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তজনা এবং পাল্টাপাল্টি হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা বাড়িয়ে দিয়েছে। 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অবস্থান ইরানের ওপর বড় ধরনের সামরিক ও কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল।