ভারতের রাজধানী দিল্লির একটি চার তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) ভোরে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহতদের স্থানীয় গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএনআই-কে জানিয়েছেন, এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ফলে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।