মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৩ মে) হোয়াইট হাউসের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেল থেকে ছবিটি পোস্ট করা হয়।
ওই ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে রয়েছে জনপ্রিয় ইনডোর গেম ‘উনো’ (Uno)-র কয়েকটি কার্ড। ছবিটির ওপর একটি ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা— ‘সবগুলো কার্ড আমার কাছে’ (All the cards are with me)।
এ ছবির বিষয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিরোধের মাঝে এটি ইরানের প্রতি একটি সুস্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।
এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও সামরিক হামলার হুমকি দেন। তিনি বলেন, ইরান যদি কোনো ‘অসদাচরণ’ করে, তাহলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা কম। তার দাবি, গত কয়েক দশকের কর্মকাণ্ডের জন্য ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি।
ইরানের পক্ষ থেকে ১৪ দফার একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে অবরোধ তুলে নেওয়া, জব্দ সম্পদ ফেরত দেওয়া, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তেহরান।