২০২৪ সালে দল গঠন, প্রথম নির্বাচনেই বিজয়ের বাজিমাত

ভারতীয় তামিল অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। ২০২৬ সালে প্রথম বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই জয়ের একেবারে দ্বারপ্রান্তে নতুন এই দলটি।

সোমবার (৪ মে) সন্ধ্যায় আনন্দবাজার পত্রিকার সবশেষ আপডেট অনুযায়ী- বিজয়ের দল এখন পর্যন্ত ১০৯ আসনে এগিয়ে রয়েছে। আসনগুলোতে তার দলের প্রার্থীদের চূড়ান্ত বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র।

এই রাজ্যে সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে লাগবে সর্বমোট ১১৮ আসন। বিজয়ের দল এখন পর্যন্ত সে পথেই আছে এবং টিভিকে এককভাবেই ১১৮ আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাই মনে করা হচ্ছে- সবকিছু ঠিক থাকলে থালাপতি বিজয়-ই হতে চলেছেন তামিলনাড়ুর আগামী মুখ্যমন্ত্রী।

এর আগে, ভারতের লোকসভা নির্বাচনের আগে নিজের রাজনৈতিক দল গড়ে ভক্তদের বড় চমক দেন দক্ষিণী সুপারস্টার বিজয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করে তার দল। লোকসভা নির্বাচনের আগে দল খুললেও সেই নির্বাচন লক্ষ্য ছিল না বিজয়ের। তাই লোকসভা নির্বাচনে লড়েনি টিভিকে।

বিজয় ও তার দলের লক্ষ্য ছিল ২০২৬-এর রাজ্য বিধানসভা নির্বাচন। এবার এই নির্বাচনেই প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করতে চলছেন তিনি ও টিভিকে।

বিজয় নিজে লড়েছেন তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর— দু’টি কেন্দ্র থেকে। দু’টি আসনেই জয়ের পথে তিনি।

তামিলনাড়ুতে মোট বিধানসভা আসন ২৩৪টি। এখন বিজয়ের দল এর মধ্যে কতটিতে বিজয়ী হতে পারে, তা দেখতে অপেক্ষা করতে হবে ভোট গণনার শেষ পর্যন্ত।