চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। সোমবার (৪ মে) বিকেলে লিউইয়াং শহরের ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই কর্তৃপক্ষ কারখানার আশপাশের ৩ কিলোমিটার এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। উদ্ধার ও অনুসন্ধান অভিযানে ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ জন কর্মী অংশ নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তা খুঁজে বের করতে অত্যাধুনিক রোবট ব্যবহার করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরে থাকা দুটি বড় গানপাউডার (বারুদ) গুদাম এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকায় পুরো এলাকায় কৃত্রিমভাবে আর্দ্রতা বাড়ানো হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, আশপাশের আবাসিক ভবনের জানালা ও দরজা দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বিশেষ বার্তায় নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে এবং আহতদের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এই ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
চীনের লিউইয়াং শহরটি বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ আতশবাজি রপ্তানি করা হয়। তবে চীনে এ ধরনের কারখানায় বিস্ফোরণ এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে এক বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন। সূত্র: বিবিসি