ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের 'আরঘাভান শপিং সেন্টারে' এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার (৪ মে) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের বিচার বিভাগীয় পত্রিকা 'মিজান'-এর প্রতিবেদনে বলা হয়েছে, শপিং কমপ্লেক্সের দেয়ালে ব্যবহৃত বহিরাবরণ বা ক্ল্যাডিং (cladding) অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA)-তে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল শপিং কমপ্লেক্সটি লেলিহান শিখায় পুরোপুরি গ্রাস হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় বেতার আইআরআইবি (IRIB) জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার পর সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের এবং ভবনের মূল ডেভেলপারকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছে। ভবনের নির্মাণে নিরাপত্তা আইন লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শপিং সেন্টারটিতে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সূত্র: আলজাজিরা