ইরান কখনো আত্মসমর্পণ করবে না: গালিবাফ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও চাপের মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের দৃঢ় অবস্থানই ওয়াশিংটনের সঙ্গে বিরোধের অন্যতম প্রধান কারণ।

মঙ্গলবার (৩ নভেম্বর) পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি (এমএনএ)।

গালিবাফ বলেন, ‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না। ইরানের প্রতিরোধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হতাশার মধ্যে ঠেলে দিয়েছে।’

তিনি দাবি করেন, ইরানি জনগণ যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও আধিপত্যবাদী আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিরোধ গড়ে তুলেছে। স্বাধীনতার জন্য ইরানের এই সংগ্রাম বিশ্বের অন্যান্য স্বাধীনতাকামী জনগোষ্ঠীর কাছেও অনুপ্রেরণার আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।

ইরানের জনগণের ঐক্য, দৃঢ়তা ও প্রতিরোধের কারণে যুক্তরাষ্ট্র সরকার এবং ইসরায়েলি শাসকগোষ্ঠী হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন পার্লামেন্ট স্পিকার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে গালিবাফ বলেন, ওয়াশিংটনকে শক্তিশালী ও যৌক্তিক জবাব দিয়েছে তেহরান। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

তিনি আরও দাবি করেন, ইরানের ওপর সাম্প্রতিক দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা বুঝতে পেরেছে যে অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার সময় শেষ হয়ে এসেছে।

গালিবাফের ভাষ্য, যুক্তরাষ্ট্র বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ইরানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে। অতীতে অনুগত শাসকদের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়েছে। বর্তমানে ঐক্যবদ্ধ ও স্বাধীন ইরানি জনগণের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে।

এমইউ
আরও পড়ুন