ইরানের সামরিক সক্ষমতাকে তীব্র কটাক্ষ করে দেশটিকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো, কিন্তু কেবল আত্মসম্মানের কারণে তারা তা করছে না।
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বর্তমান সামরিক শক্তিকে তুচ্ছজ্ঞান করে দাবি করেন, তেহরান এখন এতটাই দুর্বল যে তারা শুধু ‘পি-শুটার’ (খেলনা বন্দুক) দিয়ে গুলি চালানোর অবস্থায় আছে। তার মতে, ইরান প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিলেও পর্দার আড়ালে আসলে একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া। ট্রাম্প বলেন, “তারা এখন লোক দেখানো খেলা খেলছে। কিন্তু বাস্তবতা হলো তারা একটি চুক্তি চায়। যখন সামরিক শক্তি নিঃশেষ হয়ে যায়, তখন সবাই চুক্তি করতে চায়।”
এ সময় ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। এই অবরোধকে ‘ইস্পাতের দেয়ালের’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি অত্যন্ত মজবুত এবং কেউ তা ভাঙার সাহস দেখাবে না।
কোন ধরনের পদক্ষেপ নিলে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে গণ্য হবে এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সময় হলে সেটি আপনারা জানতে পারবেন। তারা ভালো করেই জানে তাদের কী করা উচিত নয়।” তিনি আরও যোগ করেন, এটি সাধারণ কোনো লড়াই হলে ইরান অনেক আগেই পরাজয় মেনে নিত। ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান স্নায়ুযুদ্ধকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আলজাজিরা