উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

ইরানে আরও বড় পরিসরে হামলা চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ। তবে ট্রাম্পের দাবি, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনশিল্প ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসে সাংবাদিক ও উপস্থাপক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখছেন।

ট্রাম্প বলেন, সৌদি আরব তাঁকে আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। একই অবস্থান কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেরও। তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলেও জানান।

আরও হামলা চালানোর বিষয়ে মিত্রদের অনুরোধ না থাকলে তিনি কী সিদ্ধান্ত নিতেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সে ক্ষেত্রে তিনি হামলা চালাতেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। তবে চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব স্থাপনা ধ্বংস করা সম্ভব।

ট্রাম্প বলেন, এক দিনের মধ্যেই ইরানের জ্বালানি সরবরাহব্যবস্থা ও সেতুগুলো ধ্বংস করা সম্ভব। একই সময়ে দেশটির উৎপাদন সক্ষমতাও গুঁড়িয়ে দেওয়া যাবে। সব মিলিয়ে এ কাজ করতে তাঁর তিন দিনের বেশি সময় লাগবে না বলে দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর স্বীকারোক্তি, পেট্রলের মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত