পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নারী-শিশুসহ বহু ফিলিস্তিনি গ্রেপ্তার

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে শিশু ও নারীসহ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
 
বুধবার (৬ মে) ভোরে এই অভিযান চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
 
‘ওয়াফা’ নামের ফিলিস্তিনি সংবাদ সংস্থার বরাতে প্রতিবেদনে আলজাজিরা জানায়, রামাল্লাহ থেকে এক মা ও মেয়েসহ মোট চারজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া নাবলুস শহরে অভিযান চালিয়ে আরও আটজন ফিলিস্তিনিকে বন্দি করা হয়েছে। বেথলেহেমের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে, যাদের মধ্যে তিনজনই শিশু।
 
রাতের অন্ধকারে পশ্চিম তীরের বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো আগাম সতর্কতা ছাড়াই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
 
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এমন নিয়মিত অভিযান ও গণ-গ্রেপ্তারের ফলে ওই অঞ্চলে উত্তেজনা এখন চরমে। মানবাধিকার সংস্থাগুলো শিশুদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: আলজাজিরা