ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলনের দুই প্রভাবশালী নেতা শেখ রায়েদ সালাহ এবং শেখ কামাল খতিবের ওপর আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাস এই দুই নেতা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েলি পুলিশের জেরুজালেম জেলা কমান্ডার অ্যাভশোলিম পেলেদের স্বাক্ষরিত এক আদেশে ২০২৬ সালের ২৭ এপ্রিল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নির্দেশনায় বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া তারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। ১৯৭১ সালের ইসরায়েলি পুলিশ বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন শেখ কামাল খতিব। তিনি অভিযোগ করেন, ২০১৫ সালে ইসলামী আন্দোলন নিষিদ্ধ ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক দমন-পীড়ন চালানো হচ্ছে। নিরাপত্তাজনিত যে কারণ দেখানো হচ্ছে, তার বাস্তব ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদে প্রবেশাধিকার সীমিত করতে ইসরায়েল একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষ করে ফিলিস্তিনি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ওপর কঠোর নজরদারি ও সীমাবদ্ধতা বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর