গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা, বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা ও নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছে ইরান। একই সঙ্গে গাজায় দায়মুক্তির অবসান এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির মানবাধিকারবিষয়ক উচ্চপরিষদ।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের মানবাধিকারবিষয়ক উচ্চপরিষদ বলেছে, গাজা এখন মানবতার বিবেক এবং আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। শুধু বিবৃতি ও নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ না করে মানবাধিকার রক্ষায় বাস্তব পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ১৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর তিন বছরের বেশি সময় পেরিয়ে গেছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও ফিলিস্তিনিদের হত্যা ও দুর্ভোগ বন্ধ হয়নি। ফিলিস্তিনি সূত্রের ১০ নভেম্বর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই যুদ্ধে নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ।
নিহতদের মধ্যে হাজার হাজার শিশু, ১ হাজার ৭০০-এর বেশি স্বাস্থ্যকর্মী এবং কয়েক শ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁদের অনেকের কাছে পৌঁছানোও সম্ভব হয়নি।
ইরানের মানবাধিকারবিষয়ক উচ্চপরিষদ বলেছে, এসব সংখ্যা কেবল পরিসংখ্যান নয়; প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একজন মানুষের জীবন, স্বজন হারানো পরিবার, ধ্বংস হওয়া বাড়িঘর এবং ভেঙে যাওয়া স্বপ্ন।
বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের ওপর হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসাসেবা থেকে জনগণকে বঞ্চিত করা এবং যুদ্ধবিরতির পরও মানবিক সহায়তায় বাধা দেওয়া আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। ২০২৫ সালের অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পরিষদ।
আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন বিধানের উল্লেখ করে ইরানের পরিষদ বলেছে, বেসামরিক মানুষ ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বজায় রাখা, হামলার ক্ষেত্রে আনুপাতিকতার নীতি অনুসরণ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা বাধ্যতামূলক। চতুর্থ জেনেভা কনভেনশনেও বেসামরিক জনগণের সুরক্ষা এবং তাদের ওপর সমষ্টিগত শাস্তি আরোপ নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ২০২৪ সালের ২১ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও উল্লেখ করা হয়। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচারব্যবস্থার এই পদক্ষেপকে জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরে পরিষদ।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের জানুয়ারি, মার্চ ও মে মাসের অন্তর্বর্তী আদেশের কথা উল্লেখ করা হয়েছে। এসব আদেশে গণহত্যা সনদের আওতাভুক্ত কর্মকাণ্ড প্রতিরোধ, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত এবং অভিযোগ-সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথা তুলে ধরে ইরান।
ইরানের মানবাধিকারবিষয়ক উচ্চপরিষদের বিবৃতিতে বলা হয়, গাজায় ব্যাপক প্রাণহানি, ধ্বংসযজ্ঞ, অবরোধ এবং বেসামরিক মানুষের অব্যাহত দুর্ভোগ সমসাময়িক ইতিহাসের নজিরবিহীন মানবিক বিপর্যয়গুলোর একটি। যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থন এবং কয়েকটি পশ্চিমা সরকারের নীরবতা ও সহযোগিতার কারণে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে পরিষদ।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, রাজনৈতিক হিসাব-নিকাশ এবং বিশ্বশক্তিগুলোর স্বার্থে আর কত দিন নিরপরাধ মানুষ ও শিশুদের জীবন উৎসর্গ করতে হবে? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আর কত দিন হত্যাকাণ্ড বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের পরিবর্তে গৌণ বিষয় ও রাজনৈতিক অগ্রাধিকারে ব্যস্ত থাকবে? মানবাধিকার যদি সর্বজনীন হয়, তাহলে ফিলিস্তিনি শিশুর বেঁচে থাকার অধিকার কেন বিশ্বের অন্য শিশুদের অধিকারের সমান গুরুত্ব পাবে না?
এ অবস্থায় জাতিসংঘ, মানবাধিকার পরিষদ, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার, আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
পরিষদটি গাজায় সামরিক হামলা বন্ধ, অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার, বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত এবং বেসামরিক নাগরিক, চিকিৎসাকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
একই সঙ্গে গাজায় সংঘটিত সব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, নির্দেশদাতা ও সহযোগীদের আন্তর্জাতিক বিচারব্যবস্থার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
অস্ত্র, সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে যারা এই পরিস্থিতি অব্যাহত রাখতে ভূমিকা রাখছে, তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে সহায়ক হতে পারে এমন সহযোগিতা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে ইরানের মানবাধিকারবিষয়ক উচ্চপরিষদ।
বিবৃতির শেষাংশে বলা হয়, অপরাধের মুখে নীরব থাকা নিরপেক্ষতা নয়। মানবাধিকার কখনো রাজনৈতিক বিবেচনা, বৃহৎ শক্তির স্বার্থ কিংবা দ্বৈতনীতির অধীন হতে পারে না। ইতিহাস শুধু অপরাধীদের নয়, নিরপরাধ মানুষের দুর্ভোগ ও হত্যাকাণ্ডের মুখে যারা চোখ বন্ধ করে রেখেছিল, তাদেরও বিচার করবে।
বিবৃতিতে বলা হয়, ‘গাজা কেবল একটি ভৌগোলিক স্থান নয়; এটি মানবতার বিবেক এবং আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। দায়মুক্তির অবসান ঘটিয়ে মানবাধিকারের কথাকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।’
মক্কা অঞ্চলে হুথিদের ছোড়া দুটি ড্রোন ধ্বংস করলো সৌদি
মান্দেব প্রণালিতে হুথিদের প্রতিরোধ, পিছু হটলো ইয়েমেনি বাহিনী