চীনের একটি অ্যাডভেঞ্চার পার্কে রোমাঞ্চকর রাইড উপভোগ করতে গিয়ে মর্মান্তিক প্রাণহানির শিকার হয়েছেন এক তরুণী পর্যটক। গত ৩ মে দেশটির একটি জনপ্রিয় জলপ্রপাতের নিকটবর্তী পাহাড়ে ‘ক্লিফ সুইং’ বা পাহাড়ের চূড়ায় দোল খাওয়ার রাইড চলাকালে হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
দ্য বেইজিং নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা হারনেস পরা ওই নারীকে ধীরে ধীরে নিরাপদ প্ল্যাটফর্ম থেকে বাইরে ঠেলে দেয়া হচ্ছে।
এসময় তিনি বারবার ‘ভালোভাবে বাঁধা হয়নি’ বলে চিৎকার করছিলেন। তবে পার্কের কর্মীরা তাকে ছাড়তে থাকেন। প্ল্যাটফর্ম ছাড়ার সঙ্গে সঙ্গেই দড়িটি ছিঁড়ে যায় এবং তিনি নিচে পড়ে যান।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারীর নাম লিউ। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘নিরাপত্তাজনিত দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে।
‘চংকিং অ্যাডভেঞ্চার ক্যাম্প’ নামের একটি আউটডোর অ্যাডভেঞ্চার কোম্পানি এই ক্লিফ সুইং পরিচালনা করছিল। প্রতিষ্ঠানটি মার্চ মাসে তাদের উইচ্যাট অ্যাকাউন্টে রাইডটির প্রচারণা চালিয়েছিল।
ঘটনার পর পর্যটনকেন্দ্র কর্তৃপক্ষ ৪ মে থেকে ১০ মে পর্যন্ত স্থানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, যন্ত্রপাতি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র: দ্য বেইজিং নিউজ, দ্য স্ট্রেইট টাইমস