মহাকাশের অমীমাংসিত রহস্য এবং ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে বিশ্বজুড়ে চলা জল্পনার অবসান ঘটাতে বড় এক পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশে কয়েক দশক ধরে গোপন রাখা অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও (UFO) সংক্রান্ত প্রথম দফার নথিপত্র জনসমক্ষে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)।
গত শুক্রবার প্রকাশিত এই সংগ্রহে মোট ১৬২টি ফাইল রয়েছে। এতে কয়েক দশক আগের এফবিআই (FBI), স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) গুরুত্বপূর্ণ নথিপত্র অন্তর্ভুক্ত আছে। এই নথিগুলো প্রদর্শনের জন্য পেন্টাগন একটি বিশেষ ওয়েবসাইটও চালু করেছে।
তবে পেন্টাগন জানিয়েছে, প্রকাশিত ছবি এবং ফাইলগুলোর অনেকগুলোই কেবল নিরাপত্তার খাতিরে যাচাই করা হয়েছে, সেগুলোর মধ্যে থাকা কোনো অস্বাভাবিক বিষয় বা অসঙ্গতি নিয়ে এখনো চূড়ান্ত কোনো বিশ্লেষণ করা হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগকে 'সর্বোচ্চ স্বচ্ছতা' নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ তিনি লেখেন, "সম্পূর্ণ এবং সর্বোচ্চ স্বচ্ছতার স্বার্থে, আমি আমার প্রশাসনকে এলিয়েন, ভিনগ্রহের জীবন এবং ইউএফও সংক্রান্ত সরকারি ফাইলগুলো শনাক্ত ও সরবরাহ করার নির্দেশ দিয়েছি। এটি উপভোগ করুন!"
এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এলিয়েনদের অস্তিত্ব নিয়ে মন্তব্য করার পর বিষয়টি নিয়ে নতুন করে আগ্রহের সৃষ্টি হয়।
প্রকাশিত নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ আছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের সেপ্টেম্বরে এক ড্রোন পাইলট আকাশে একটি উজ্জ্বল 'রৈখিক বস্তু' দেখার কথা জানিয়েছিলেন, যা কয়েক সেকেন্ড পর ভ্যানিশ হয়ে যায়। এছাড়া ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ মিশনের একটি ছবিতে তিনটি বিন্দুকে ত্রিভুজাকৃতিতে দেখা গেছে। পেন্টাগন জানিয়েছে, প্রাথমিক বিশ্লেষণে এটিকে কোনো ভৌত বস্তু বলে মনে করা হচ্ছে।
তবে এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনাও রয়েছে। সমালোচকদের মতে, জেফরি এপস্টাইন সংক্রান্ত তদন্ত থেকে মানুষের দৃষ্টি সরাতেই ট্রাম্প এই ইউএফও ইস্যু সামনে এনেছেন। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি একে 'গণ-বিভ্রান্তির চরম হাতিয়ার' হিসেবে অভিহিত করেছেন।
২০২৪ সালে প্রকাশিত পেন্টাগনের আগের একটি রিপোর্টে শত শত নতুন ঘটনার কথা বলা হলেও, এখন পর্যন্ত ভিনগ্রহের প্রযুক্তি বা এলিয়েনদের অস্তিত্বের বিষয়ে কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছিলো।