ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে দাবি করে শিগগিরই সংঘাত শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের পাশাপাশি স্থলসীমান্ত দিয়ে ইরানের বাণিজ্য বন্ধে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।
বুধবার (১১ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিকভাবে ইরানকে পরাজিত করেছে। এখন যুদ্ধ কখন শেষ করা হবে, সেটিই মূল প্রশ্ন।
তিনি বলেন, ‘আমরা জিতেছি। এখন শুধু প্রশ্ন, কখন আমরা এটি শেষ করব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, আমরা যেন পূর্ণ বিজয় পাই; ৯৩ শতাংশ বিজয় নয়।’ তাঁর পূর্বাভাস, সংঘাত শিগগিরই শেষ হবে।
তবে তেহরানের অবস্থান এখনো কঠোর। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সামরিক প্রতিরোধের মাধ্যমে দীর্ঘদিনের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে চায় ইরান। প্রয়োজনে আলোচনা ছাড়াও এ লক্ষ্য অর্জন করা হতে পারে।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনা শুরুর বিষয়ে ইরানের দেওয়া সাত দফা শর্তের আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি ওয়াশিংটন। এসব শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো উদ্যোগ এগোবে না বলে জানান তিনি।
এর আগে সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চেয়েছেন। পেজেশকিয়ানের মতে, আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান সম্ভব, তবে চাপের মুখে ইরান কোনো ছাড় দেবে না।
পারমাণবিক উপাদান রাশিয়ায় পাঠাবে না তেহরান
যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের অন্যতম প্রধান বিষয় দেশটির পারমাণবিক কর্মসূচি। এ প্রশ্নেও তেহরান ছাড় দিতে রাজি নয়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামসহ কোনো পারমাণবিক উপাদান দেশের বাইরে পাঠাবে না ইরান। সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে রাশিয়ায় এসব উপাদান পাঠানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।
লেবাননের হিজবুল্লাহ-সমর্থিত আল-মায়াদিন টেলিভিশনকে রেজাই বলেন, রাশিয়ার বন্ধুদের জানিয়ে দেওয়া হয়েছে, সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানেই থাকবে এবং দেশটি নিজেই তা ব্যবহার করবে।
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ইরানের পারমাণবিক উপাদান গ্রহণের প্রস্তাব এখনো বহাল রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তেহরানের।
এ মতপার্থক্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার পথে বড় বাধা হয়ে আছে।
পাকিস্তানের মধ্যস্থতায় অনিশ্চয়তা
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্কে কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি সংযম ও ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়ে বলেন, স্থায়ী শান্তির একমাত্র পথ আলোচনা।
তবে সরাসরি আলোচনার সম্ভাবনা এখনো অনিশ্চিত। গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মাদি জানিয়েছেন, ইরানের প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন চূড়ান্ত জবাব দেওয়ার আগেই সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে অনুরোধ করেছিলেন, তা তেহরান প্রত্যাখ্যান করেছে।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তি ইরানকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ দিয়েছিল কি না, তা নিয়ে ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। পরে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।
ইরানের স্থলবাণিজ্য বন্ধে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
আলোচনা স্থবির থাকায় নিষেধাজ্ঞা ও সমুদ্রপথে বিধিনিষেধের পাশাপাশি ইরানের স্থলবাণিজ্যও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশেষ করে ইরাক, তুরস্ক ও পাকিস্তানকে সীমান্ত দিয়ে বাণিজ্য সীমিত করার জন্য কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে আসছেন মার্কিন কর্মকর্তারা। তবে এসব দেশের সরকার এখন পর্যন্ত প্রত্যাশিত সহযোগিতা করেনি।
এ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ গঠন করেছে। এর লক্ষ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, নিষেধাজ্ঞাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের চলাচল ব্যাহত করা।
তবে প্রতিবেশী দেশগুলো আশঙ্কা করছে, এ ধরনের পদক্ষেপ তাদের নিজস্ব অর্থনীতির ক্ষতি করতে পারে এবং সীমান্তনির্ভর জনগোষ্ঠীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে দুটি ছাড়া বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইরাক। তুরস্কও সীমান্তনীতি পরিবর্তনে বড় ধরনের আগ্রহ দেখায়নি।
এদিকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার জানিয়েছেন, কূটনীতি ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হলে দেশটির ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখা হবে।
ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি
কূটনৈতিক প্রতিরোধের পাশাপাশি সামরিক হুমকিও বাড়াচ্ছে তেহরান। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই বুধবার সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে অংশ নেওয়া যেকোনো মার্কিন সামরিক ঘাঁটি হামলার লক্ষ্য হতে পারে। এর মধ্যে ইউরোপের ঘাঁটিও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘নিরাপদ দূরত্ব নেই, নিরাপদ আশ্রয় নেই, দায়মুক্তিও নেই।’
ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান কাইয়ুমার্স হায়দারিও বলেছেন, মধ্যপ্রাচ্যের বাইরেও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা সম্প্রসারণ করেছে দেশটি। আইআরজিসির উপদেষ্টা মোহাম্মদরেজা নাঘদি দাবি করেছেন, ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা হামলা চালানোর অনুমোদন রয়েছে সশস্ত্র বাহিনীর।
গালিবাফের উপদেষ্টা মোহাম্মাদি আরও হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটন অর্থনৈতিক চাপ বাড়াতে থাকলে ইরান আগাম সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র সীমিত পরিসরের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এমন কোনো পরিকল্পনার স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।
ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টাও সতর্ক করে বলেছেন, যারা ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকরে সহায়তা করবে, তাদের যুদ্ধের অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা হতে পারে।
হরমুজে নৌ-চলাচল নিয়ে নতুন উদ্বেগ
হরমুজ প্রণালি এখনো সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি স্বাভাবিক করার প্রচেষ্টা এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে।
রয়টার্স বুধবার তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তাকারী ওমানের দিদামার দ্বীপের নৌ-চলাচল অবকাঠামোয় হামলা চালিয়েছে ইরান। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পষ্ট নয়।
এদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, প্রণালির পূর্বদিকে একটি ট্যাংকার মাইনে আঘাত হানার পর আগুন ধরে যায়। এলাকাটিকে অনিরাপদ ও সীমাবদ্ধ ঘোষণা করে জাহাজমালিকদের ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্পের আশাবাদী বক্তব্যের বিপরীতে তেহরানের কঠোর অবস্থান, পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য, স্থল ও সমুদ্রপথে অর্থনৈতিক চাপ এবং বিস্তৃত সামরিক হুমকি—সবকিছুই সমঝোতার পথকে জটিল করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাধা ‘আস্থার সংকট’: গালিবাফ
ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি আইজেনকোটের
ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা
সাতক্ষীরা রেঞ্জে কাঠের ট্রলারে সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা
ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা
গাজার নাসের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৬