হিব্রু ইউনিভার্সিটিতে ইসরায়েলি এমপির হামলা ও হুমকি

জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটিতে ফিলিস্তিনিদের ‘নাকবা’ (বিপর্যয়) দিবস পালনকালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছেন উগ্র-ডানপন্থী ইসরায়েলি পার্লামেন্ট সদস্য (নেসেট সদস্য) জেভি সুকোট। ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের ৭৮তম বার্ষিকী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন এবং শিক্ষার্থীদের হুমকি দেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা (Wafa) জানিয়েছে, সোমবার ওই স্মৃতিচারণ অনুষ্ঠানে সুকোট অতর্কিতে উপস্থিত হন। তিনি কেবল অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টাই করেননি, বরং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সহিংসতাসহ বিভিন্ন সরাসরি হুমকি প্রদান করেন। জুই সুকোট একজন কট্টরপন্থী ইসরায়েলি সেটলার হিসেবে পরিচিত।

আয়োজক ফিলিস্তিনি শিক্ষার্থী গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, সুকোটের এই হুমকি তাদের বিচ্যুত করতে পারবে না। তাদের ভাষ্যমতে, স্মৃতি, পরিচয় এবং শেকড়ের প্রতি আমাদের যে অধিকার, তা থেকে কোনো হুমকি আমাদের সরিয়ে দিতে পারবে না। শিক্ষার্থীদের দাবি, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানি ও বিচারহীনতার যে ধারাবাহিক প্রচারণা চলছে, এই ঘটনা তারই অংশ। দমন-পীড়ন ও উসকানি যত তীব্রই হোক না কেন, তারা নাকবা দিবস পালন এবং ফিলিস্তিনিদের ইতিহাসের সত্য বয়ান রক্ষা করে যাবেন।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন, যা ফিলিস্তিনিদের কাছে ‘নাকবা’ বা মহা-বিপর্যয় হিসেবে পরিচিত। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা তাদের হারানো ভিটেমাটির স্মৃতিচারণ করেন। হিব্রু ইউনিভার্সিটির এই ঘটনাটি বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর নতুন করে চাপের সৃষ্টি করেছে। সূত্র: আলজাজিরা