গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো ১৬ আরব ও মুসলিম দেশ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযান ও হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ১৬টি আরব ও মুসলিম দেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার দাবি জানিয়েছে তারা।

যৌথ বিবৃতিটি প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, আলজেরিয়া, সৌদি আরব, সোমালিয়া, ওমান, ফিলিস্তিন, কাতার, কুয়েত, লিবিয়া, মালদ্বীপ, মিসর, নাইজার ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা।

বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। এসব নিষেধাজ্ঞার আওতায় বসতি নির্মাণে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে।

গাজায় মানবিক সহায়তা বহনকারী গাড়িবহর প্রবেশে বাধা দেওয়ার জন্য অবরোধ সংগঠিত করার অভিযোগে ইসরায়েলি কর্মী সংগঠন ‘তজাভ ৯’-এর (Tzav 9) ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা।

বিবৃতিতে বসতি স্থাপন কার্যক্রমের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে ই১ (E1) বসতি পরিকল্পনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ইসরায়েলের ভূখণ্ড দখল, সংযুক্তিকরণ ও বসতি সম্প্রসারণে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের বসতি স্থাপন নীতিরও পুনরায় নিন্দা জানানো হয়। বিশেষ করে অধিকৃত পূর্ব জেরুজালেমে ই১ পরিকল্পনা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

তারা আশা প্রকাশ করেন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেওয়া পদক্ষেপ অন্য দেশগুলোকেও একই ধরনের ব্যবস্থা নিতে উৎসাহিত করবে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত