কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে আইআরজিসির ৪ সদস্য গ্রেপ্তার

কুয়েতের সমুদ্রসীমা ব্যবহার করে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে কুয়েতি নিরাপত্তা বাহিনী। 

মঙ্গলবার (১২ মে) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা (KUNA) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতরা একটি ভাড়া করা মাছ ধরার নৌকা ব্যবহার করে কুয়েতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বুবিয়ান দ্বীপে’ অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ছিল কুয়েতের অভ্যন্তরে শত্রুতামূলক ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা। তবে কুয়েতের সশস্ত্র বাহিনী আগেভাগেই তাদের গতিবিধি শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় অনুপ্রবেশকারীদের সঙ্গে কুয়েতি বাহিনীর এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যাতে একজন কুয়েতি নিরাপত্তা সদস্য আহত হয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চার ব্যক্তি স্বীকার করেছেন যে, তারা সরাসরি ইরানের আইআরজিসি-র সদস্য এবং নির্দিষ্ট মিশন নিয়ে তারা কুয়েতে প্রবেশের চেষ্টা করছিলেন। এই ঘটনার পর কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কুয়েতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইন থেকেও একই ধরণের খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইআরজিসি-র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা ৪১ জনকে গ্রেপ্তার করেছে। 

অভিযোগ রয়েছে, এই চক্রটি বাহরাইনের নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানে পাচার করছিল। এছাড়া তেহরানের প্রতি সহমর্মিতা দেখানোর অভিযোগে আরও ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মানামা কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই সংঘাতের জেরে কুয়েত ও বাহরাইন সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং তাদের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  সূত্র: আলজাজিরা, আনাদোলু