ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন ডলার: পেন্টাগন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতিতে এ পর্যন্ত ওয়াশিংটনের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকারও বেশি)।

মঙ্গলবার (১২ মে) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) কমপট্রোলার জুলস হার্স্ট দেশটির আইনপ্রণেতাদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

জুলস হার্স্ট আইনপ্রণেতাদের জানান, এই বিশাল অঙ্কের অর্থ মূলত তিনটি প্রধান খাতে ব্যয় হয়েছে। প্রথমত, যুদ্ধের ময়দানে ব্যবহৃত অত্যাধুনিক সামরিক সরঞ্জামগুলোর নিয়মিত মেরামত; দ্বিতীয়ত, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ প্রতিস্থাপন; এবং তৃতীয়ত, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিশাল সৈন্যবাহিনীর অপারেশনাল কার্যক্রম সচল রাখা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ব্যয়ের দ্রুত বৃদ্ধি। গত মাসের শেষ দিকে পেন্টাগন যে প্রাথমিক হিসাব দিয়েছিল, বর্তমান অংকটি তার চেয়েও প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুদ্ধের খরচ এভাবে আকাশচুম্বী হওয়ায় মার্কিন কংগ্রেসের নীতিনির্ধারকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি এই যুদ্ধ দ্রুত শেষ করতে না পারে, তবে ব্যয়ের পরিমাণ আগামী কয়েক মাসে কয়েক গুণ বেড়ে যেতে পারে। এতে মার্কিন অর্থনীতির ওপর বড় ধরণের মুদ্রাস্ফীতির চাপ পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। সূত্র: আল-জাজিরা।