হরমুজ প্রণালীতে ‘অপমানিত’ হচ্ছে যুক্তরাষ্ট্র: গ্রেগরি পোলিং

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ে চলমান সংঘাতে চীনের চেয়ে যুক্তরাষ্ট্রই বেশি ‘অপমানিত’ হচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘সিএসআইএস’-এর পরিচালক গ্রেগরি পোলিং। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এই চাঞ্চল্যকর বিশ্লেষণ তুলে ধরেন।

গ্রেগরি পোলিংয়ের মতে, ট্রাম্প এবার চীনের সাথে বৈঠকে সুবিধাজনক অবস্থানে নেই। গত এক বছরের বাণিজ্য বিরোধ থেকে বেইজিং বুঝে গেছে যে তাদের হাতে যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কাছে বড় কোনো ছাড় দেওয়ার প্রয়োজন তাদের নেই। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি চীনের জন্য উদ্বেগের হলেও, পোলিং মনে করেন এই পরিস্থিতিতে চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ও প্রভাব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘হরমুজ প্রণালীতে চীন নয়, বরং যুক্তরাষ্ট্রই অসম্মানিত হচ্ছে।’

বিশ্লেষণে বলা হয়েছে, চীন নিজেকে একবিংশ শতাব্দীর নীতি নির্ধারক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। যদিও বেইজিং চায় হরমুজ প্রণালী উন্মুক্ত থাকুক এবং এ নিয়ে ইরানের প্রতি তাদের বার্তাও স্পষ্ট, তবে তারা এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কতটা সহযোগিতা করবে তা নিয়ে সংশয় রয়েছে।

ইরান ইস্যুতে দুই দেশের স্বার্থের কিছুটা মিল থাকলেও বেইজিং বিন্দুমাত্র তাড়াহুড়ো দেখাচ্ছে না। বরং বৈশ্বিক জলপথের ওপর মার্কিন আধিপত্যের এই সংকটকে চীন তাদের নিজস্ব কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবে দেখছে।

সূত্র: আলজাজিরা