সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া

বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক শক্তির জানান দিতে ‘সারমাত’ নামক বিশ্বের সবচাইতে শক্তিশালী ও বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (ICBM) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৩ মে ২০২৬) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, যা বর্তমান বিশ্বের যেকোনো ক্ষেপণাস্ত্রের পাল্লার চেয়ে বেশি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, সারমাত বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি পশ্চিমা দেশগুলোর কাছে থাকা যেকোনো সমরাস্ত্রের চেয়ে চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বা ওয়ারহেড বহন করতে পারে। পুতিন আরও ঘোষণা করেন যে, চলতি বছরের শেষ নাগাদ এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে।

রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘নিউ স্টার্ট’ (New START) চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এই চুক্তির ফলে দুই দেশের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখার যে বাধ্যবাধকতা ছিল, তা এখন আর কার্যকর নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ত্রিপক্ষীয় চুক্তির ব্যাপারে আগ্রহী হলেও, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার এই শক্তি প্রদর্শন বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাকে নতুন করে উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা