ইরানের প্রতি ফের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে আসতে হবে, অন্যথায় দেশটিকে ‘সম্পূর্ণ ধ্বংস’ বা নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি হতে হবে।
একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন, "তারা হয় চুক্তি করবে, না হয় ধ্বংস হবে।"
সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে, ইরান ভূগর্ভস্থ গোপন আস্তানা থেকে কিছু ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।
তিনি সতর্ক করে বলেন, তারা ভূগর্ভস্থ কক্ষ থেকে কিছু ক্ষেপণাস্ত্র বের করেছে। কিন্তু (যুদ্ধ শুরু হলে) মাত্র একদিনের মধ্যেই এসব শেষ হয়ে যাবে।
হুমকি দিলেও ইরানের বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, আগের কর্মকর্তাদের চেয়ে বর্তমানের নতুন কর্মকর্তারা অনেক বেশি ‘স্মার্ট’ এবং অনেক ক্ষেত্রে ‘যৌক্তিক’।
ট্রাম্পের মতে, তেহরানের বর্তমান স্তরের নেতৃত্ব আগের তুলনায় অনেক বেশি বাস্তববাদী।
ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া কতটা জরুরি—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প একটি ভিন্নধর্মী মন্তব্য করেন।
তিনি বলেন, নিরাপত্তার চেয়ে ‘পাবলিক রিলেশনস’ বা প্রচারণার খাতিরে এটি জরুরি।
ট্রাম্পের দাবি, তথাকথিত ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ মাধ্যমগুলোর মুখ বন্ধ করার জন্যই ইউরেনিয়াম উদ্ধার করা প্রয়োজন, কারণ তিনিই এটি উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: আল জাজিরা