অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী এবং উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা একযোগে ব্যাপক হামলা ও অভিযান চালিয়েছে।
শুক্রবার (১৫ মে) রাতে সালফিত, হেবরন, রামাল্লাহ, বেথলেহেম এবং জেনিন গভর্নর এলাকায় ইসরায়েলি বাহিনী এ সহিংসতা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা 'ওয়াফা'।
প্রতিবেদনে বলা হয়েছে, হেবরনের নিকটবর্তী আদ-দাহিরিয়া এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, রামাল্লাহর নিকটবর্তী শুকবা গ্রামে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের মালিকানাধীন দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং আরও চারটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা নিকটবর্তী খামারগুলোতেও হামলার হুমকি দেয়।
এর মধ্যেই সামরিক অভিযানের অংশ হিসেবে সালফিতের আজ-জাবিয়া এলাকায় ইসরায়েলি সেনারা সাধারণ মানুষের ঘরে ঢুকে তল্লাশি চালায় এবং শহরের প্রধান রাস্তা বন্ধ করে দেয়। বেথলেহেমের নাহালিন এলাকা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সেনারা দেহেশেহ শরণার্থী শিবিরে প্রবেশ করলে স্থানীয়দের সাথে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি সেনারা ব্যাপক টিয়ার শেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এছাড়া জেনিনের জাবা এলাকায় ইসরায়েলি সেনারা চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি করেছে। ২০২৫ সালের শুরু থেকেই পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এমন নিয়মিত অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা ওই অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। সূত্র: আলজাজিরা