লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি

হিজবুল্লাহ ছাড়া আলোচনা এক ‘অদ্ভুত গলদ’: বিশ্লেষক

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার মূল প্রক্রিয়ার মধ্যেই একটি বড় ধরনের গলদ বা ত্রুটি রয়েছে। আর তা হলো এই আলোচনায় হিজবুল্লাহ কোনো পক্ষ হিসেবে উপস্থিত নেই। কাতারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ-এর অধ্যাপক মোহাম্মদ আল-মাসরি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

তিনি বিষয়টিকে একটি নজিরবিহীন পরিস্থিতি হিসেবে উল্লেখ করে বলেন, এটি অত্যন্ত অদ্ভুত এক আলোচনা। কারণ, এখানে যুদ্ধবিরতির চুক্তি হচ্ছে এমন দুটি পক্ষের মধ্যে, যারা আসলে একে অপরের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধেই লিপ্ত নয়। লেবানন রাষ্ট্র বা দেশটির সেনাবাহিনী তো ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে না।

অধ্যাপক আল-মাসরি মনে করেন, চলমান এই আলোচনায় হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করার কোনো বাস্তবসম্মত পথ নেই। কারণ এই চুক্তিতে দলটির সামনে যে মূল শর্ত রাখা হয়েছে, তা মেনে নেওয়া তাদের পক্ষে অসম্ভব। তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল চায় হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করতে। কিন্তু হিজবুল্লাহর জন্য নিজেদের নিরস্ত্র করার অর্থ হলো রাজনৈতিক ও সামরিকভাবে ‘আত্মহত্যা’ করা। তারা কখনোই এমন কোনো চুক্তিতে সই করবে না।

লেবানন সরকারের কাঠামোগত ও সামরিক দুর্বলতার কথা উল্লেখ করে এই বিশ্লেষক আরও বলেন, দীর্ঘ বছর ধরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশলগত নীতি বজায় রেখেছে তারা লেবাননের জাতীয় সেনাবাহিনীকে দুর্বল করে রেখেছে, যাতে এই অঞ্চলে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব সবসময় বজায় থাকে। আর তারা এই কাজে সফলও হয়েছে। বর্তমান লেবানন সেনাবাহিনীর এমন সক্ষমতা নেই যে তারা হিজবুল্লাহর মুখোমুখি দাঁড়াবে, আর দলটিকে নিরস্ত্র করা তো দূরের কথা। সূত্র: আলজাজিরা