গাজামুখী ১০টি ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক নৌবহরের ওপর চড়াও হয়েছে ইসরায়েলি নৌবাহিনী। সোমবার (১৮ মে) পূর্ব ভূমধ্যসাগর থেকে বহরটির অন্তত ১০টি জাহাজ আটক করেছে তারা। একই সঙ্গে বহরের আরও ২৩টি জাহাজের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, গাজা উপকূল থেকে প্রায় ৪৬৩ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ইসরায়েলি সামরিক জাহাজগুলো তাদের ঘিরে ফেলে এবং জাহাজে তল্লাশি শুরু করে। 

আয়োজকদের দাবি, এটি একটি সম্পূর্ণ ‘বৈধ ও অহিংস মানবিক মিশন’ ছিল। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জাহাজের যাত্রী ও রসদ রক্ষায় এবং নিরাপদে গাজায় পৌঁছানোর সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, ৩৯টি দেশের ৪২৬ জন কর্মী নিয়ে ৫৪টি জাহাজের এই বিশাল বহরটি গত বৃহস্পতিবার দক্ষিণ তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিল। আটক হওয়া জাহাজের যাত্রীদের মধ্যে অন্তত ২৪ জন তুরস্কের নাগরিক রয়েছেন।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের অবস্থানের কথা পরিষ্কার করেছে। তারা বলেছে, ‘গাজার ওপর আরোপিত বৈধ নৌ অবরোধ ভাঙার কোনো চেষ্টা ইসরায়েল বরদাশত করবে না।’ একই সঙ্গে তারা বহরে থাকা সবাইকে দ্রুত নিজেদের বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার এটিই প্রথম চেষ্টা নয়। গত ১২ এপ্রিল স্পেন থেকে আসা একটি বহরকে গ্রিসের কাছে থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এর আগেও বিভিন্ন সময়ে আন্তর্জাতিক জলসীমা থেকে ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।