ফ্লোটিলাকে বাধা দিতে সামরিক অভিযানের প্রস্তুতি

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:০৩ পিএম

গাজার ওপর আরোপিত ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙতে এগিয়ে আসা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ (Global Sumud Flotilla) রুখে দিতে সোমবার (১৮ মে) একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ (Kan News) জানিয়েছে, এই বহরটি আটকাতে সামরিক বাহিনীকে শক্তি প্রয়োগের অনুমতি দিতে পারেন তিনি।

তুরস্কের মারমারিস বন্দর থেকে গত সপ্তাহে ৫৪ থেকে ৫৭টি নৌযানের একটি বিশাল বহর গাজার উদ্দেশে রওনা হয়েছে। এতে কয়েকশ মানবাধিকার কর্মী ও বিপুল পরিমাণ ত্রাণ রয়েছে বলে আয়োজকরা দাবি করেছেন।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ২০১০ সালের ‘মাভি মারমারা’ (Mavi Marmara) ঘটনার স্মৃতি মনে করিয়ে দিয়ে এবারের বহরটি আরও বেশি সহিংস হতে পারে। বিশেষ করে তুর্কি সংস্থা IHH-এর সম্পৃক্ততা নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। উল্লেখ্য, ২০১০ সালের সেই অভিযানে ইসরায়েলি কমান্ডোদের হামলায় ১০ জন কর্মী নিহত হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী একটি জাহাজে ‘ভাসমান ডিটেনশন সেল’ বা অস্থায়ী কারাগার প্রস্তুত করেছে। যেসব আন্দোলনকারী সতর্কতা সংকেত অমান্য করবে, তাদের আটক করে সেখানে রাখা হবে।

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ ভূমধ্যসাগরীয় দেশগুলোকে এই বেসামরিক বহরটিকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে একটি উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে কর্মীদের অবিলম্বে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বর্তমানে ফ্লোটিলাটি সাইপ্রাসের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এবং আগামীকাল মঙ্গলবার নাগাদ এটি গাজার কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি নৌবাহিনী ইতিমধ্যে আন্তর্জাতিক জলসীমায় বহরটিকে ঘিরে ফেলার প্রস্তুতি নিয়েছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন