মার্কিন অবরোধ প্রত্যাহার ও ক্ষতিপূরণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এবং ইরানের প্রস্তাবিত শর্তাবলি নিয়ে তেহরানের জাতীয় নিরাপত্তা সংসদীয় কমিটির কাছে একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে, এই প্রতিবেদনে মূলত পারমাণবিক অধিকার রক্ষা এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রতিবেদনে ঘারিবাবাদি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের জন্য অনস্বীকার্য। তিনি জানান, ইরানের প্রস্তাবের মধ্যে রয়েছে লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানো এবং যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ-অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করা। এছাড়া ইরান শর্ত দিয়েছে যে, তাদের জব্দকৃত সমস্ত সম্পদ ও সম্পত্তি অতিদ্রুত ফেরত দিতে হবে।

অর্থনৈতিক দাবির পাশাপাশি ইরান যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে পুনর্গঠন বাবদ ক্ষতিপূরণ দাবি করেছে। ঘারিবাবাদি তার প্রতিবেদনে জোর দিয়ে বলেন, ইরানের ওপর আরোপিত সমস্ত একতরফা নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা পরিষদের রেজোলিউশনগুলো বাতিল করতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য তথা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারিপার্শ্বিক অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করার বিষয়টিও তাদের মূল দাবির তালিকায় রয়েছে। এই প্রতিবেদনের মধ্য দিয়ে এটি স্পষ্ট যে, ইরান তাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। সূত্র: ইরনা