ফ্লোটিলা কর্মীদের হেনস্তা, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো অস্ট্রেলিয়া

ত্রাণবাহী জাহাজবহরের (ফ্লোটিলা) সমাজকর্মীদের সাথে অবমাননাকর ও অপমানজনক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে অস্ট্রেলিয়া।

ইসরায়েলের উগ্র-ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে বিশ্বের একাধিক দেশের মতো অস্ট্রেলিয়াও এই কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিল।

ওই ভিডিওতে দেখা যায়, আটককৃত ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে এবং ইসরায়েলি মন্ত্রী তাদের উসকানি ও উপহাস করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ইসরায়েলি মন্ত্রী বেন-গভিরের পোস্ট করা যে ছবি ও দৃশ্য আমরা দেখেছি—যার ওপর ইতিমধ্যেই অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে—তা অত্যন্ত মর্মান্তিক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও যোগ করেন, আমরা বেন-গভিরের এই কর্মকাণ্ড এবং বন্দিদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের এমন অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, ওই ত্রাণবাহী জাহাজবহরে অংশ নেওয়া ১১ জন অস্ট্রেলীয় নাগরিককে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ক্যানবেরা আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে ইসরায়েল যাতে কোনো বন্দির সাথে দুর্ব্যবহার না করে এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলে, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

বার্তাটি কঠোরভাবে পুনর্ব্যক্ত করার জন্য তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগকে সরাসরি নির্দেশ দিয়েছেন যেন তারা অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে দেশের এই অবস্থান স্পষ্ট জানিয়ে দেয়।