গাজায় মার্কিন ও ইসরায়েলি সমর্থনে ত্রাণ বিতরণের কাজ করা অত্যন্ত বিতর্কিত ও বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন' (GHF)-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ব্রিটিশ সংবাদমাধ্যম 'ফাইন্যান্সিয়াল টাইমস'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে জরুরি ত্রাণের লাখ লাখ ডলার কীভাবে খরচ করা হয়েছে, তা খতিয়ে দেখছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরদারি সংস্থা।
তদন্তের সাথে জড়িত তিন কর্মকর্তার বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'অফিস অব ইন্সপেক্টর জেনারেল' মূলত জিএইচএফ-কে দেওয়া ৩০ মিলিয়ন (৩ কোটি) মার্কিন ডলারের একটি বড় অনুদানের ওপর নজর দিচ্ছে। গাজায় ত্রাণ বিতরণের জন্য মার্কিন প্রশাসন ও ইসরায়েলের বিশেষ সমর্থনে এই বিপুল পরিমাণ অর্থ সংস্থাটিকে দেওয়া হয়েছিল।
শুরু থেকেই এই 'গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন' বা জিএইচএফ তীব্র সমালোচনার মুখে পড়েছিল। সংস্থাটির বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, তারা গাজায় কর্মরত জাতিসংঘ এবং অন্যান্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাকে সম্পূর্ণ বাইপাস বা উপেক্ষা করে নিজস্ব উপায়ে কাজ করছিল।
এর চেয়েও বড় অভিযোগ ছিল, জিএইচএফ-এর জনাকীর্ণ ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে এবং এর আশেপাশে নিয়মিত ভয়াবহ ও প্রাণঘাতী সহিংসতা ঘটত। ইসরায়েলি সেনাসদস্য এবং সংস্থাটির নিজস্ব সশস্ত্র নিরাপত্তা ঠিকাদারদের নির্বিচার গুলিতে সেখানে অসংখ্য মানুষের মৃত্যু হয়।
জাতিসংঘের বিশেষজ্ঞদের দেওয়া ২০২৫ সালের আগস্টের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই বছরের মে মাসে জিএইচএফ তাদের কার্যক্রম শুরু করার পর থেকে কেবল তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশেই অন্তত ৮৫৯ জন সাহায্যপ্রার্থী ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।