পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার মাত্র ১ সপ্তাহের মাথায় এবার রাজ্যের মাদ্রাসাগুলোর জন্যও একই নিয়ম জারি করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যের সবক’টি মাদ্রাসায় এখন থেকে এই ‘জাতীয় গানটি’ গাওয়া আবশ্যক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাজ্য সরকারের মাদ্রাসা ডিরেক্টরেটের (অধিদপ্তর) পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতিটি মাদ্রাসার সকালের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) বন্দে মাতরম গাইতে হবে।
সংবাদমাধ্যম এনডিটিভি মাদ্রাসা অধিদপ্তরের ওই আদেশের সূত্র ধরে জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু কল্যাণ বিভাগের আওতাধীন সাহায্যপ্রাপ্ত কিংবা সাহায্যহীন—সব ধরনের অনুমোদিত মাদ্রাসার জন্যই এই নতুন নির্দেশনা বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।
দায়িত্ব নেওয়ার পর শুভেন্দুর সরকার প্রথম যে কয়েকটি সিদ্ধান্ত নেয়, তার মধ্যেই রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের ছয়টি স্তবকের সবকটি গাওয়া বাধ্যতামূলক হয়।
ক্লাস শুরুর আগে সকালের অধিবেশনে (অ্যাসেম্বলি) এই ‘জাতীয় গানটি’ থাকতে হবে, আদেশে এমনটাই বলা হয়েছিল।
“আগের সব নির্দেশনা খারিজ করে, পশ্চিমবঙ্গের সরকার স্কুল শিক্ষা বিভাগের অধীনে থাকা সব স্কুলে ক্লাস শুরুর আগে স্কুল অ্যাসেম্বলি বা সকালের প্রার্থনার সময় ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হল,” অনলাইনে দেওয়া এক পোস্টে এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করার তাগাদা থেকে বঙ্কিমচন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ ঘিরে সম্প্রতি ভারতের রাজনীতিতে ব্যাপক চাপান-উতোর চলছে। এ বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই গান ফের ‘রাজনৈতিক ডিসকোর্সে’ জায়গা করে নিয়েছিল।
ফেব্রুয়ারিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ‘বন্দে মাতরম’-কে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমতুল্য ঘোষণা করে এবং সব সরকারি ও স্কুলের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গেই এই গানের ছয় স্তবক গাওয়া বাধ্যতামূলক করে।