শক্তি বা সামরিক বল প্রয়োগের মাধ্যমে ইরানকে কখনো আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর এমন মনোভাবকে কেবলই এক ধরনের ‘বিভ্রম’ ও ‘ভ্রান্ত ধারণা’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুদ্ধের চেয়ে কূটনীতিই শ্রেয়: মাসুদ পেজেশকিয়ান
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অবস্থান পরিষ্কার করেন। তিনি লিখেছেন:
"ইরান সবসময় তার সব আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে এবং যুদ্ধ এড়ানোর সম্ভাব্য সব পথ পরীক্ষা করেছে। ইরানের পক্ষ থেকে এখনো আলোচনার সব পথ খোলা রয়েছে। তবে জোর করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছকই একটি ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়।"
তিনি আরও যোগ করেন, "পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত কূটনীতি যুদ্ধের তুলনায় অনেক কম ব্যয়বহুল, অধিক যুক্তিসঙ্গত এবং দীর্ঘস্থায়ী। ইরান বহু বছর ধরেই এই মৌলিক বিষয়টির ওপর জোর দিয়ে আসছে।"
ইরানের বর্তমান রাজনৈতিক অবস্থান
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং পশ্চিমা দেশগুলোর নানামুখী নিষেধাজ্ঞার মধ্যেই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। ইরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনো যুদ্ধ চায় না, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো শক্তির কাছে মাথা নত করবে না। শক্তির রাজনীতির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার মাধ্যমেই সংকটের দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব বলে মনে করে তেহরান।