আলোচনায় রাজি ইরান, তবে চাপের কাছে মাথা নত নয়: পেজেশকিয়ান

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ইরান। তবে সামরিক আগ্রাসন, অর্থনৈতিক অবরোধ কিংবা কোনো ধরনের চাপের মুখে তেহরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর বক্তব্য, পারস্পরিক যুক্তি ও সম্মানের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব হলেও ইরানের মর্যাদা ও অধিকার বিসর্জন দিয়ে কোনো সমঝোতা হবে না।

রোববার (২৯ নভেম্বর) তেহরানে বাজার ব্যবসায়ী ও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। ইরানের সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসায়ীদের সমস্যা এবং চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা হয়।

পেজেশকিয়ান বলেন, সরকার যুক্তিসংগত আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করছে। তবে আগ্রাসন, শত্রুতামূলক কর্মকাণ্ড কিংবা জবরদস্তির কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা যুক্তিসংগতভাবে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আগ্রাসন কিংবা শত্রুদের কোনো বৈরী কর্মকাণ্ডের কাছে নতি স্বীকার করব না। অপমান মেনে নেব না; দাদাগিরি ও জবরদস্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব।’

এর আগে ৯ নভেম্বরও পেজেশকিয়ান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের ‘যুদ্ধ নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসানে ইরান আলোচনায় আগ্রহী। তবে পারস্পরিক সম্মান ও ইরানের অধিকার নিশ্চিত না হলে কোনো সমঝোতা সম্ভব নয় বলে অবস্থান জানিয়েছিলেন তিনি। 

বৈঠকে পেজেশকিয়ান অভিযোগ করেন, ইরানের অভ্যন্তরে বিভেদ ও অসন্তোষ উসকে দিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে প্রতিপক্ষ। এ পরিস্থিতিতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুপক্ষের উদ্দেশ্য সফল হতে না দিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সংহতির মাধ্যমে দেশের চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি আরও বলেন, ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করতে আকাশ, সমুদ্র ও স্থলপথে অবরোধ ও নিষেধাজ্ঞার চাপ তৈরি করা হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা ও জাতীয় সংহতির মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য ইরানের রয়েছে। 

বৈঠকে ব্যবসায়ী ও বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক যুদ্ধের সম্মুখসারিতে রয়েছেন তাঁরা। উৎপাদন ও বাজারব্যবস্থা সচল রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসা-বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করা আইন ও বিধিবিধান সংশোধনের কথাও বলেন। মুদ্রা ও আর্থিক লেনদেনসংক্রান্ত সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া দায়িত্বশীলভাবে পণ্য ব্যবহার, জ্বালানি সাশ্রয় এবং উৎপাদন অব্যাহত রাখতে ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চান প্রেসিডেন্ট। বাজার ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে তাঁদের সমস্যা সমাধানের আগ্রহও প্রকাশ করেন তিনি। 

ইরানের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের প্রভাব ক্রমেই বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দেশটির বৈদেশিক আয় কমে এসেছে। মার্কিন অবরোধ পুনর্বহালের পর দেশটির অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যের কাছাকাছি নেমে যাওয়ার তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।

এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ এবং অবরোধ প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটন প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। ফলে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই দেশের মধ্যে বিরোধের বড় অংশ এখনো অমীমাংসিত।

সূত্র: তাসনিম নিউজ

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত