যুক্তরাষ্ট্রের ঘোষণা

হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্কের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে এক বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গোষ্ঠীটির অর্থায়নের উৎস, নেতা কিংবা অপারেটিভদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর (ইউএস স্টেট ডিপার্টমেন্ট)।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পুরস্কারের ঘোষণা দেয়।

পোস্টে আহ্বান জানানো হয়েছে, হিজবুল্লাহর "আর্থিক নেটওয়ার্ক, শীর্ষ নেতা বা তাদের অপারেটিভদের" বিষয়ে কোনো তথ্য থাকলে তা যেন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সুরক্ষিত টিপ লাইনে রিপোর্ট করা হয়। হিজবুল্লাহর অর্থায়নে বিঘ্ন ঘটাতে বা এটি নস্যাৎ করতে পারে—এমন যেকোনো নির্ভরযোগ্য তথ্যের জন্যই এই মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে।

সম্প্রতি মার্কিন সরকার হিজবুল্লাহর আর্থিক ও রাজনৈতিক নেটওয়ার্কের ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। এই নিষেধাজ্ঞার আওতায় হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান এবং এমনকি লেবাননের সংসদের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন।

তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে সরাসরি ধূলিসাৎ করে দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে এই পদক্ষেপকে "স্বাধীনচেতা লেবাননের জনগণকে ভয় দেখানোর একটি অপচেষ্টা" হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

একই সাথে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আমেরিকার এই ধরনের নিষেধাজ্ঞার কারণে তাদের "কৌশলগত সিদ্ধান্তে কোনো ধরনের ব্যবহারিক বা বাস্তবিক প্রভাব পড়বে না।"