যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের অধিকার ও দাবিগুলো মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে কড়া বার্তা দিয়েছে তেহরান।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি স্বাধীন দেশ হিসেবে ইরানের "ন্যায্য অধিকার" স্বীকার করতে ওয়াশিংটন যদি ব্যর্থ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তালাই-নিক বলেন, আমেরিকান-জায়নিস্ট (ইসরায়েলি) শত্রুদের ওপর চাপিয়ে দেওয়া এই তৃতীয় যুদ্ধ থেকে পার পাওয়ার একমাত্র পথ রয়েছে। রণক্ষেত্র এবং কূটনীতি—উভয় ক্ষেত্রেই তাদের টিকে থাকার একমাত্র উপায় হলো ইরানি জনগণের দাবিগুলো পূরণ করা।
ইরানের প্রতিরক্ষা মুখপাত্র আরও উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষয়ক্ষতি এবং যুদ্ধ পরিচালনার খরচ আরও বৃদ্ধি পাওয়া রোধ করার বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের মাথায় রাখা উচিত। আর সেটি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্টের উচিত হবে ইরানের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নেওয়া এবং চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পথ থেকে সরে আসা। সূত্র: আল জাজিরা