'মোজতবা খামেনির অনুমতি ছাড়া মার্কিন চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নয়'

যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে অত্যন্ত কঠোর ও দ্ব্যর্থহীন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির চূড়ান্ত অনুমতি এবং সবুজ সংকেত ছাড়া এই চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম নিউজ'-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের সাথে চলমান শান্তি আলোচনা নিয়ে দেশের অভ্যন্তরীণ নানা আলোচনা ও মতভেদের প্রেক্ষিতে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট।

দেশজুড়ে চলমান নানা জল্পনা-কল্পনার সমালোচনা করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যেকোনো ধরণের বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান যা সমাজে বিভেদ বা ফাটল তৈরি করে, তা মূলত শত্রুর উদ্দেশ্য সফল করতে সাহায্য করে

তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে আরও বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের নির্ধারিত কাঠামোর বাইরে এবং দেশের সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্তই নেওয়া হবে না। বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনার জন্য একটি একক সিদ্ধান্ত এবং সামগ্রিক আনুগত্যের প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, পেজেশকিয়ানের এই মন্তব্য মূলত এটিই প্রমাণ করে যে, আমেরিকার সাথে যেকোনো ধরণের চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত চাবিকাঠি বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখনো সর্বোচ্চ নেতাই অবস্থান করছেন এবং সরকার এই ক্ষেত্রে শতভাগ তাঁর অনুগত। সূত্র: আল জাজিরা