সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় (ওডিএনআই) সাইবার হামলার শিকার হয়েছে। এতে সংস্থা দুটির অশ্রেণিবদ্ধ তথ্য ব্যবস্থায় প্রভাব পড়েছে বলে জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র।

সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলো উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের জন্য যে ব্যবস্থার ওপর নির্ভর করে, সেটিতেই এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে কতটা তথ্য আক্রান্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো গোপন বা শ্রেণিবদ্ধ তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি। ওডিএনআইয়ের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, গুরুত্বপূর্ণ সক্ষমতা কিংবা শ্রেণিবদ্ধ ব্যবস্থার কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। এ বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দুটি সূত্রের দাবি, প্রাথমিক আলামতে হামলাটির উৎস চীন হতে পারে। তবে এর সঙ্গে চীন সরকার জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কখন হামলাটি হয়েছে কিংবা এর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার সমন্বয় ও তদারকির দায়িত্বে রয়েছে ওডিএনআই। এসব সংস্থার মধ্যে সিআইএও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণে বিনিয়োগ বাড়িয়েছে ওডিএনআই। এ ধরনের তথ্য সাধারণত শ্রেণিবদ্ধ নয়।

নিউইয়র্ক টাইমস প্রথম এ সাইবার অনুপ্রবেশের খবর প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতে সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার নিরাপত্তা ঘটনা এবং প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে নতুন এ ঘটনা ঘটল।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশব্যাপী অপরাধসংক্রান্ত তথ্যভান্ডারেও সাইবার হামলার খবর প্রকাশ করে সিএনএন। তবে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সূত্রগুলো।

একাধিক প্রযুক্তিগত বিপর্যয়ে উদ্বেগ

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কার্যক্রমেও প্রযুক্তিগত বিপর্যয় দেখা গেছে। এসব ঘটনায় দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ বেড়েছে।

চলতি মাসের শুরুর দিকে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয় বা বাতিল করা হয়। এফএএ পরে জানায়, আরকানসাসের একটি রাউটারের ত্রুটি থেকে এ সমস্যার সূত্রপাত হয়েছিল।

অন্যদিকে মাইক্রোসফটের কয়েকটি পণ্যে সেবা বিপর্যয়ের কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আউটলুক ই-মেইল ও টিমসের মতো কর্মক্ষেত্রের প্রয়োজনীয় সেবা ব্যবহার করতে পারেননি।

তবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগের বড় কারণ হয়ে উঠেছে এনএসএর কার্যক্রমে বিঘ্ন এবং এফবিআই ও সিআইএর তথ্যব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনা।

গত সপ্তাহে এনএসএর অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত অত্যন্ত গোপন নেটওয়ার্ক কয়েক দিন অচল ছিল। সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়, সফটওয়্যার হালনাগাদের সময় ত্রুটির কারণে এ সমস্যা তৈরি হয়েছিল; এটি সাইবার হামলা ছিল না। দেশটির গোয়েন্দাপ্রধান জে ক্লেটনও এমন তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংকেতভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সাইবার নিরাপত্তা কার্যক্রমে সহায়তাকারী জর্জিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও ওই বিপর্যয়ে প্রভাবিত হয়েছিল বলে জানিয়েছিল সিএনএন। উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক এ কার্যক্রম গুরুত্বপূর্ণ।

তবে এনএসএর সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থাগুলো ওই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। শুক্রবারের মধ্যে নেটওয়ার্কের সমস্যাটিও সমাধান করা হয়।

সফটওয়্যারের দুর্বলতা শনাক্তে এআইয়ের ভূমিকা

এনএসএ যে সফটওয়্যারগত দুর্বলতাগুলো নিয়ে কাজ করছিল, সেগুলো সাম্প্রতিক সময়ে শনাক্ত হওয়া বহু ত্রুটিরই অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বিভিন্ন সফটওয়্যারের নতুন দুর্বলতা শনাক্ত করা সম্ভব হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এআইয়ের কারণে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবস্থায় আগে অজানা থাকা অনেক সফটওয়্যার ত্রুটি খুঁজে পাচ্ছে। এসব দুর্বলতা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে তাড়াহুড়ো করে সমাধান করতে গিয়ে কখনো কখনো নতুন ভুলও তৈরি হচ্ছে।

সূত্র: সিএনএন

ওয়াইএ
আরও পড়ুন